আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান
পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এদিকে দলটির নেতাদের আগমন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন। বিকেলে তাঁদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকায় যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আখাউড়া সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টা থেকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থলবন্দর অভিমুখে অবস্থান নেন। ইতোমধ্যে বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের অনেক নেতা ভারতে চলে গেছেন। তাঁদের কাছে খবর রয়েছে, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল সীমান্তের কোনো একটি প্রবেশপথ দিয়ে দেশে ঢুকে নাশকতার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী তাঁদের নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা ঘটাতে না পারে।
