নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বহুল প্রত্যাশিত পাঁচতলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের প্রত্যাশিত এ ভবনের নির্মাণকাজ শুরু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি খন্দকার আব্দুস শুকুর, প্রধান শিক্ষক আব্দুল মামুন, প্রকৌশলী মোস্তফা, বিএনপির ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হামিদ, আব্দুল হাকিম, নজরুল ইসলাম মজনু, আব্দুস সাত্তার ফকির, ছারোয়ার হোসেন, আব্দুস সামাদ ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, পাঁচতলা ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করার সুযোগ পাবে। পাশাপাশি ভবনটি এলাকার শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।