পাথর ঘাটায় যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪ | Daily Chandni Bazar পাথর ঘাটায় যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬ ০১:১১
পাথর ঘাটায় যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট

পাথর ঘাটায় যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪

 জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে অটোভ্যানচালক শাখাওয়াত হোসেনের ভ্যানটি ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা সেতুর কাছে একটি নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়।

পরে নিহত চালকের গামছা দিয়ে রক্তের দাগ মুছে গামছা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবলটি সেতুর নিচে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান হাবিল। পরবর্তী সময়ে চক্রের আরেক সদস্য আনোয়ার হোসেনের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।