প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬ ০০:৩৮

‘আমাকে ছাড়া উন্নয়নকাজের উদ্বোধন নয়’, ইউএনওকে বললেন এমপি রায়হান সিরাজী

গঙ্গাচড়া, রংপুর সংবাদদাতাঃ
‘আমাকে ছাড়া উন্নয়নকাজের উদ্বোধন নয়’, ইউএনওকে বললেন এমপি রায়হান সিরাজী

রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্যকে ছাড়া কোনো রাস্তা বা ভবনসহ উন্নয়নকাজের উদ্বোধন করা যাবে না বলে মন্তব্য করেছেন রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সভায় রায়হান সিরাজী বলেন, ‘ইদানীং গঙ্গাচড়ায় ফেসবুক পোস্টগুলো লক্ষ্য করলে দেখা যায়, আমাকে ছাড়াও বিভিন্ন রাস্তা ও ভবন উদ্বোধন করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলব, আমাকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন হবে না।’

এদিকে সংসদ সদস্যের এ বক্তব্যের মধ্য দিয়ে সরকারি উন্নয়নকাজের উদ্বোধনে তাঁর উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে। তবে উন্নয়নকাজের উদ্বোধনে সংসদ সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক কি না, তা সংশ্লিষ্ট সরকারি বিধিবিধানের বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর উপজেলা আমির নায়েবুজ্জামান ও সেক্রেটারি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজিজুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা এনসিপির আহ্বায়ক সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরনবী রানা, মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাইমিনুল ইসলাম মারুফ, লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল হাদি এবং গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফুর রহমান সজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপরে