ভূরুঙ্গামারীতে ২০ লাখ টাকার ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২
ড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৫৬ লিটার অবৈধ ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারীঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, এ সময় ভোটহাট সীমান্ত থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ককশিটের ১১টি কার্টন ভর্তি বার্ড ফ্লু ও ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন উদ্ধার করা হয়। এসব ভ্যাকসিন শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি গ্রামের আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা।
পুলিশের ভাষ্য, জব্দ করা ভ্যাকসিনগুলো বিক্রির উদ্দেশ্যে লালমনিরহাটে নেওয়া হচ্ছিল। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
