বিয়ের দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের, নিহত বন্ধু শিখরও
বিয়ের আর মাত্র দুই মাস বাকি ছিল উজ্জল সরকারের (২২)। নতুন সংসার সাজানোর স্বপ্ন দেখছিলেন তিনি। হবু স্ত্রীর পছন্দের জিনিসপত্র কেনার পরিকল্পনাও ছিল। বুধবার সকালে বন্ধুকে সঙ্গে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা শেষে হাসিমুখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান উজ্জল। একই দুর্ঘটনায় তাঁর বন্ধু শিখর চন্দ্রেরও মৃত্যু হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকার বিলুর ছেলে। তাঁর বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের ছেলে। তাঁরা দুজনই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে তাঁর মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। এরই মধ্যে পারিবারিকভাবে একই উপজেলার বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ে ঠিক হয়েছিল। দুই মাস পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।
বুধবার সকালে বন্ধু শিখরকে সঙ্গে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান উজ্জল। দেখা শেষে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা। পথে মাঠপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়। গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
