প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ০১:৩২

বগুড়ায় যাত্রীবাহী বাসের হেলপারের ব্যাগে থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় যাত্রীবাহী বাসের হেলপারের ব্যাগে থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে যাত্রীবাহী বাসের এক হেলপারের স্কুলব্যাগ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিম বাবু (২২) নামে ওই বাসের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে বগুড়া সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার জিম বাবু রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মিলনপাড়া এলাকার শামীম মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের একটি দল জানতে পারে, কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে ইয়াবা বহন করা হচ্ছে। পরে পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা মেট্রো-ব-১১-৮১৪২ নম্বরের শ্যামলী পরিবহনের কোচটির ইঞ্জিন কভারে বসে থাকা হেলপার জিম বাবুর স্কুলব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো ১৩টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২৬০ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি সিমকার্ডসহ বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্যের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপরে